নওয়াপাড়া নদীবন্দরের উন্নয়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দরটি প্রতিষ্ঠার পর থেকে আধুনিকায়নের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এটি পরিপূর্ণ বন্দর হিসেবে গড়ে না ওঠায় কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এ বন্দর থেকে সরকার প্রতিবছর কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করলেও এর উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।২০০৭ সালের মে মাসে এই বন্দরের যাত্রা শুরু হয়। ভৈরব নদের চেঙ্গুটিয়া থেকে ভাটপাড়া ফেরিঘাট পর্যন্ত বন্দরের প্রায় সাড়ে ১২ কিলোমিটার সীমানা নির্ধারণ করা হয়। স্থাপন করা হয় ছয়টি পন্টুন। নওয়াপাড়ার কয়েকজন ব্যবসায়ী জানান, এই বন্দরে প্রতিদিন নৌযান থেকে পণ্য ওঠানো-নামানো হয়। ভারত থেকে স্থলপথে আসা পণ্য এই বন্দর দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সার ও খাদ্যশস্য আমদানিকারক আদিত্য মজুমদার বলেন, ‘নওয়াপাড়া নদীবন্দর হওয়ার পর শুধু কর দিয়েই যাচ্ছি। ঘাটও নিজেদের তৈরি করে নিতে হচ্ছে। কোনো প্রকার সুবিধা পাচ্ছি না।’ নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন বলেন, ‘আমরা ঠিকমতো কর দিচ্ছি।কিন্তু নদীবন্দরের কোনো উন্নয়ন হচ্ছে না। নদের অবৈধ দখলদারদের উচ্ছেদ, গাইড ওয়াল নির্মাণ এবং গাইড ওয়ালঘেঁষে রাস্তা নির্মাণ করা না গেলে নদীবন্দরের উন্নয়ন সম্ভব হবে না।’বন্দর সূত্র জানায়, নদের দুই তীরে বন্দরের জায়গা দখল করে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান, ঘাট-গুদাম। অত্যাধুনিক বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ এডিবির আর্থিক সহায়তায় ২০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। ২০১০ সালের ১০ জুন প্রকল্পটি দাখিল করা হয়।প্রকল্পের অংশ হিসেবে নদীভাঙন রোধে ছয় কিলোমিটার কি ওয়াল ও ছয় কিলোমিটার সার্ভিস রোড নির্মাণ এবং খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদ খনন করার পরিকল্পনা নেয় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু প্রকল্পের কাজের অংশীদারি নিয়ে বিআইডব্লিউটিএ ও নওয়াপাড়া পৌরসভার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টিতে সমঝোতা না হওয়ায় ২০১১ সালের গোড়ার দিকে এডিবি প্রকল্পটি বাতিল করে দেয়।নওয়াপাড়া বন্দর কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘বন্দরের উন্নয়নের প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা ভৈরব নদ থেকে ৩০টি স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছি। আমরা বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের চিন্তাভাবনা করছি।’বিআইডব্লিউটিএ খুলনার নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘বাজেট-সংকটের কারণে কোনো উন্নয়নকাজ করা যাচ্ছে না। বরাদ্দ পেলে অবৈধ স্থাপনা অপসারণ করে উন্নয়নকাজ শুরু করা হবে।’ নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ করের হিস্যা ঠিকমতো নিয়ে যাচ্ছে। কিন্তু নদীবন্দরের কোনো উন্নয়ন করছে না।