নওয়াপাড়ার টেলিফোন এক্সচেঞ্জ ২৫ দিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া টেলিফোন এক্সচেঞ্জ প্রায় ২৫ দিন ধরে বিকল রয়েছে। এতে গ্রাহকেরা বিপাকে পড়েছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যেও। কর্মকর্তারা বলছেন, আরও অন্তত তিন সপ্তাহের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না।
নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় সূত্র জানায়, তাদের কার্যালয়ের আওতায় গ্রাহক রয়েছেন ৭৭৬ জন। ২০০৬ সালে বর্তমান সার্ভারটি স্থাপন করা হয়। এতে দুটি বিভাগ (ভয়েস ও ডেটা) রয়েছে। এ সার্ভারের মেয়াদ ছিল ২০১১ সাল পর্যন্ত। কিন্তু সেটি আজ পর্যন্ত পরিবর্তন করা হয়নি। ফলে এর কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। গত বছরের জুন মাসে সার্ভারে ত্রুটি দেখা দেয়। ক্রমান্বয়ে তা বাড়তে বাড়তে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় সার্ভারটি একেবারে বিকল হয়ে যায়। বর্তমানে এ সার্ভারের ভয়েস বিভাগটি পুরোপুরি বিকল। ফলে ৭৭৬ গ্রাহকের টেলিযোগাযোগসেবা বন্ধ হয়ে গেছে। তবে সার্ভারের ডেটা বিভাগটি কার্যকর থাকায় ইন্টারনেট চালু আছে। কিন্তু গতি খুবই ধীর।
নওয়াপাড়ার ব্যবসায়ীরা জানান, স্থানটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় সার বিপণনকেন্দ্র। এখানে ১৩টি ব্যাংক, ৫টি পাটকল, ৪টি সিমেন্ট কারখানা, ২টি সুতাকল ও ২টি মিশ্র সারের কারখানা, ৩টি অটোরাইস মিল (চালকল), ১টি তেল কারখানা এবং ২ শতাধিক ছোট শিল্প-কলকারখানা আছে। টেলিযোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় এখানকার ব্যবসায়ীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
নওয়াপাড়ার সার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আবির এন্টারপ্রাইজের মালিক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, টেলিফোন বিকল থাকায় ২৫ দিন ধরে কোনো ফ্যাক্স ও মেইল আদান-প্রদান করা যাচ্ছে না। এতে করে তিনিসহ অন্যরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মালিক মো. ফারুক হোসেন বলেন, এ জন্য দায়ী টেলিফোন এক্সচেঞ্জের কর্মকর্তাদের চরম উদাসীনতা। কারণ, অনেক দিন ধরেই টেলিফোন দিয়ে ঠিকমতো কথা বলা যাচ্ছিল না। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ৩০ জানুয়ারি থেকে তা একেবারেই বন্ধ হয়ে যায়।
এদিকে বিকল সার্ভারটি পরীক্ষার জন্য ৩১ জানুয়ারি ঊর্ধ্বতন কর্মকর্তারা নওয়াপাড়ায় আসেন। কিন্তু সার্ভার ঠিক করতে ব্যর্থ হয়ে ফিরে যান।
বিটিসিএল–এর যশোর কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) বেনজুর রহমান বলেন, পুরোনো এক্সচেঞ্জটি বাদ দিয়ে নতুন এক্সচেঞ্জ বসাতে তিন সপ্তাহ সময় লাগবে।