যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আজ সোমবার ব্যবসায়ীরা সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন। বিএল কলেজের ছাত্র এবং স্থানীয় একটি সার ও সিমেন্ট ব্যবসাপ্রতিষ্ঠানের খণ্ডকালীন কর্মচারী জাহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা এই হরতাল পালন করছেন।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে। এ সময় নওয়াপাড়ার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করা হবে। নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন বলেন, ‘জাহিদের হত্যাকারীদের অর্থ, অস্ত্রসহ গ্রেপ্তারের দাবিতে আমরা হরতাল পালন করছি।’১৩ ডিসেম্বর দুপুরে নওয়াপাড়ায় মেসার্স শোভন ট্রেডার্সের খণ্ডকালীন কর্মচারী জাহিদুল ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে স্টেশন বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।