নওয়াপাড়ায় তৈরি হচ্ছে নকল জিপসাম সার
দেশের অন্যতম বৃহৎ সার বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সিরামিকের বর্জ্যের সঙ্গে মাটি ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে জিপসাম তৈরি করা হচ্ছে। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এসব নকল জিপসাম ব্যবহার করে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন; পাশাপাশি মাটি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে কৃষিবিদেরা জানিয়েছেন।২৮ জানুয়ারি রাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি অভিযান চালিয়ে নওয়াপাড়া বাজার থেকে ৮৮২ বস্তা (১৮ কেজির বস্তা) নকল জিপসাম জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব। নকল জিপসাম তৈরির অভিযোগে আটজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।অভয়নগরের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস বলেন, মাটির সঙ্গে সিরামিকের বর্জ্য ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল জিপসাম তৈরি করা হয়েছে। এ সার জমিতে প্রয়োগ করলে মাটির উপকারী অণুজীব নষ্ট হয়ে যায়। এতে ফসলের খুব ক্ষতি হয়। পরবর্তী সময়ে সার ব্যবহার করলে তা জমি ও ফসলের কোনো কাজে আসে না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, সারে ভেজাল দেওয়ার অনেক অভিযোগ তাঁদের কাছে আসছে। ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা নকল সার ধ্বংস করা হবে।