নওয়াপাড়ায় হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল বুধবার ব্যবসায়ীদের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বিএল কলেজের ছাত্র ও মেসার্স শোভন ট্রেডার্সের খণ্ডকালীন কর্মচারী জাহিদুল ইসলামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে নওয়াপাড়ার ব্যবসায়ীরা এ হরতাল পালন করেন। পুলিশ খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে বলে ব্যবসায়ীরা সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন। গতকাল হরতাল চলাকালে দুপুর ১২টা পর্যন্ত নওয়াপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। এ সময় শ্রমিকেরা ভৈরব নদে অপেক্ষমাণ বার্জ ও কার্গো থেকে কোনো পণ্য ওঠানো-নামানোর কাজ করেননি। সকাল ১০টার দিকে ব্যবসায়ীরা নওয়াপাড়ায় মিছিল করেন। এরপর নূরবাগ এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোল্লা অলিয়ার রহমান প্রমুখ। ১৩ ডিসেম্বর দুপুরে জাহিদুল ইসলাম ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে স্টেশনবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।