নওয়াপাড়ায় হরতালে যুবলীগের হামলা ছয় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল রোববার স্থানীয় বিএনপির ডাকা হরতাল চলাকালে যুবলীগের হামলায় ছয়জন সাংবাদিকসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকেরা তিন দফা দাবি জানিয়ে এবং তা পূরণের জন্য প্রশাসনকে সময়সীমা বেঁধে (আল্টিমেটাম) দিয়েছেন। গতকালই দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি বৈঠকে সাংবাদিকেরা এই সময় দেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি গতকাল নওয়াপাড়ায় হরতাল পালন করে। সকাল সাড়ে আটটার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্টেশন বাজার এলাকায় পৌঁছালে যুবলীগের ১৫-২০ জন কর্মী মিছিলে বাধা দেন। তাঁরা নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের ওপর হামলা চালান এবং তাঁকে কুপিয়ে জখম করেন।এ সময় ভিডিও ক্যামেরা দিয়ে এই দৃশ্য ধারণ করতে গেলে যুবলীগের কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে ছয়জন সাংবাদিকসহ সাতজন আহত হন। তাঁরা হলেন: দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, চ্যানেল আইয়ের মো. আকরামুজ্জামান, বাংলাভিশনের এস এম ফরহাদ, মাছরাঙার রাহুল রায়, দিগন্তের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ক্যামেরাম্যান জোবায়ের আহমেদ এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক কাগজ-এর অভয়নগর প্রতিনিধি আশরাফুল ইসলাম। গুরুতর আহত জোবায়ের আহমেদকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় যশোর প্রেসক্লাবের সভাপতি একরাম-উদ-দৌলার সভাপতিত্ব বৈঠক হয়। এতে তিন দফা দাবি পূরণের জন্য আলটিমেটাম দেওয়া হয়। দফাগুলো হচ্ছে: আজ (গতকাল রোববার) বিকেল চারটার মধ্যে সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিনটি ক্যামেরা ও ক্যাসেট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া, কাল (আজ সোমবার) দুপুর ১২টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং যেসব পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে হামলা চালানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।