নওয়াপাড়ায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৪০ মেগাওয়াট ক্ষমতার একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে গতকাল রোববার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। কেন্দ্রটি স্থাপনের কাজ পেয়েছিল খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড। পরে এর মালিকানা সামিট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়।ফার্নেস তেলভিত্তিক এ কেন্দ্রটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে প্রায় এক সপ্তাহ ধরে পরীক্ষামূলক উৎপাদন চলেছে। এ সময়ও কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য ২০১০ সালের ৩ আগস্ট উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের তীরে প্রায় তিন দশমিক ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর কেন্দ্রটির নির্মাণকাজ শুরু করা হয়। গত ১০ মে নির্মাণকাজ শেষ হয়। ১২ মে থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে বিদ্যুৎকেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রটিতে প্রতিদিন (২৪ ঘণ্টায়) ২০০ থেকে ২৫০ মেট্রিক টন ফার্নেস তেল লাগছে। এখানে ১০ দিনের ব্যবহারের জন্য আড়াই হাজার মেট্রিক টন ফার্নেস তেল মজুদ রাখার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক নিতিশ কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল রোববার) দুপুর ১২টা থেকে আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি। এর আগে প্রায় সপ্তাহব্যাপী পরীক্ষামূলক উৎপাদন করে আমরা জাতীয় গ্রিড লাইনে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছি।’