কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা হলের ছাত্রীরা ১২ দিন ধরে পানিবন্দী রয়েছেন। হল আঙিনায় জমে থাকা বৃষ্টির পানি না নামার কারণে ছাত্রীরা দুর্গন্ধময় পরিবেশেই বসবাস করছেন।
কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হলের এক পাশে কিছু ইটের টুকরো হাঁটার জন্য বিছিয়ে দিয়েছে। এতেও ছাত্রীদের ভোগান্তি কমেনি। উল্টো ইটের টুকরোর ওপর দিয়ে হাঁটতে গিয়ে পা পিছলে পড়েছেন একাধিক শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি হলেই ওই হল এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। গত ২১ ও ২২ জুনের টানা বৃষ্টিতে হলের নিচতলার কক্ষে পানি ঢুকে যায়।
ওই সময়ে ছাত্রীদের টেলিভিশনকক্ষে আশ্রয় দেওয়া হয়। দুই দিনের জমে থাকা বৃষ্টির পানি গত ১২ দিনেও নামেনি। এ কারণে ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে গতকাল বুধবার দুপুরে দেখা গেছে, ছাত্রী হল আঙিনায় কালো পানিতে ভরে আছে। এর ওপর জমেছে শেওলা। দাপাদাপি করছে ছোট আকৃতির সাপ। নোংরা পানির দুর্গন্ধে সেখানে টেকা কঠিন। হলের ফটকে পা রাখাই কঠিন হয়ে পড়েছে। হলের চারটি ভবনের নিচতলার শিক্ষার্থীরা নোংরা পরিবেশেই অবস্থান করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রী জানান, ৬ জুলাই তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। এ কারণে ছাত্রীরা হলে অবস্থান করছেন। অন্যথায় সবাই বাড়ি চলে যেতেন।
হলের প্রভোস্ট মো. আবু তাহের বলেন, এখানকার চারটি ভবনে ৪০০ জন ছাত্রী থাকেন। ২১ জুনের বৃষ্টির পর থেকেই তাঁরা পানিবন্দী। শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর জন্য আমরা ইটের টুকরো ফেলে দিয়েছি। কলেজের দক্ষিণ পাশের বড় খাল দিন দিন ভরাট হয়ে সরু হয়ে গেছে। ফলে পানি নামতে পারছে না। তার ওপর কলেজের আশপাশের বাসিন্দারা উঁচু করে বাড়ি নির্মাণ করার কারণে কোথাও পানি নামতে পারছে না।
কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, পুরো কলেজেই জলাবদ্ধতা রয়েছে। এটি এখানকার পুরোনো একটি সমস্যা। জলাবদ্ধতা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে কিছু একটা করা যাবে।