নওয়াব ফয়জুন্নেসার বাড়ির ফটক বন্ধ করে দেয়াল
নারী শিক্ষা বিস্তারের অগ্রদূত ও সমাজসেবক একুশে পদকপ্রাপ্ত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণীর লাকসামের পশ্চিমগাঁয়ের নবাববাড়ির পূর্ব দিকের ফটক বন্ধ করে দেয়াল নির্মাণ করছেন বিএনপি নেতা মো. সৈয়দ আলী। এ অবস্থায় গতকাল রোববার সকালে নবাব পরিবারের বংশধরেরা কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি পেশ করেছেন।
স্মারকলিপিতে নবাব পরিবারের পঞ্চম প্রজন্মের ছয় ব্যক্তি সই করেন। এতে তাঁরা নওয়াব ফয়জুন্নেসার বাড়ি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নওয়াব ফয়জুন্নেসা ওয়াক্ফ এস্টেটের মাধ্যমে তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়ি পরিচালনা করে আসছেন। এ জন্য নওয়াব ফয়জুন্নেসা ফাউন্ডেশন করে বাড়িটি সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে কিছু ভূমিদস্যু নবাববাড়ির প্রবেশপথ বন্ধ করে বাড়িঘর নির্মাণ করছেন। একই সঙ্গে বাড়ির প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করছেন। নবাব পরিবারের পক্ষে সৈয়দ এনামুল হক, সৈয়দ মো. রাশেদুল হক, সৈয়দ মো. মাসুদুল হক, সৈয়দ মো. মাহফুজুল হক, সৈয়দ মো. কামরুল হক ও সৈয়দ মো. গাজীউল হক ওই আবেদন করেন।
জানতে চাইলে সৈয়দ মো. মাসুদুল হক গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নবাববাড়ির পূর্ব দিকের বাসিন্দা সৈয়দ আলী নামের এক ব্যক্তি এখানে জায়গা কিনে বাড়ি নির্মাণ করছেন বলে শুনেছি। তিনি কখন জায়গা কিনেছেন, কার কাছ থেকে কিনেছেন, আমরা জানি না। আমাদের অবর্তমানে সেখানে ভবন নির্মিত হচ্ছে। বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মিত হচ্ছে। ২৩ সেপ্টেম্বর নওয়াব ফয়জুন্নেসার ১১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে গিয়ে এই অরাজক পরিস্থিতি দেখতে পাই। এটি সরকারি সম্পত্তি। দেশ-বিদেশের নানা গবেষক এখানে এসে কাজ করেন। সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরের মানুষের কাছে বাড়িটি রক্ষার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
মো. সৈয়দ আলী লাকসাম পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। অভিযোগ প্রসঙ্গে তিনি গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘১৯৮৩ সালে নবাববাড়ির লোকজনের কাছ থেকে ছয় শতক জায়গা কেনা হয়। পূর্ব দিকের ফটকটি আমার ক্রয়কৃত জায়গার মধ্যে পড়েছে। তাই আমি ওই জায়গা দখলে নেওয়ার জন্য দেয়াল নির্মাণ করছি।’ নবাববাড়ির জায়গা কার কাছ থেকে কিনেছেন, জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি সৈয়দ আলী।
জেলা প্রশাসক বলেন, ‘নওয়াব ফয়জুন্নেসার বংশধরদের একটি স্মারকলিপি পেয়েছি। ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) নির্দেশ দিয়েছি। আমিও বিষয়টি খতিয়ে দেখছি।’