নকল ইয়াবার কারখানা চট্টগ্রামে!
ক্যাফেইন, সোডিয়াম বেনজোয়েট, ভেনিলা গুঁড়ো (পাউডার) আর খাবার রং মিশিয়ে তৈরি হচ্ছিল নকল ইয়াবা বড়ি। এসব নকল ইয়াবা বিক্রি হয় ৩০ থেকে ৯০ টাকায়। গত শনিবার গভীর রাতে নগরের বাঁকলিয়া থানার রসুলবাগ এলাকার এক বাসা থেকে নকল ইয়াবা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শ্যামল মজুমদার (৩৫)। তিনি রাউজানের বিনাজুরি গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে। তাঁর কাছ থেকে পাঁচ হাজার নকল ইয়াবা বড়ি, পাঁচটি গুলি ও মিয়ানমারের নকল মুদ্রা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘একটি বিশেষ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মিশিয়ে এসব ইয়াবা বড়ি তৈরি করা হয়। এর ক্ষতিকর প্রভাব কী হতে পারে, তা পরীক্ষা করে দেখা হবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ২০ হাজার ইয়াবা বড়ি বাথরুমে ও বেসিনে ফেলে দিয়ে নষ্ট করে ফেলেন শ্যামল মজুমদার। বড়িগুলো কোথা থেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।’গ্রেপ্তার শ্যামল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘মাস তিনেক ধরে নকল ইয়াবা তৈরি করছি। যারা জানে, তাদের কাছে ৩০ টাকায় বিক্রি করি। আর যারা নতুন, তাদের কাছে সর্বোচ্চ ৯০ টাকায় বিক্রি করা হয়। এগুলো খেলে তেমন কোনো নেশা হয় না।’রাখাল চন্দ্র ধর নামের অন্য এক নকল ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে এই প্রক্রিয়া শিখেছেন বলে জানান শ্যামল। পুলিশ কর্মকর্তারা জানান, রাখাল চন্দ্রকে গত বছরের শেষ দিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন। গ্রেপ্তার শ্যামলের কাছ থেকে মিয়ানমারের পাঁচ হাজার টাকার ২৮টি ও এক হাজার টাকার পাঁচটি নকল নোট উদ্ধার করেছে পুলিশ।