নকল এনার্জি ড্রিংকসের ‘কারখানা’ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নকল এনার্জি ড্রিংকসের ‘কারখানা’র সন্ধান পেয়েছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে পুলিশ এখান থেকে বিপুল পরিমাণ নকল এনার্জি ড্রিংকস, ড্রিংকস তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উদ্ধার এবং তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফজলুর রহমান (৬০) ও তাঁর ছেলে খায়রুল ইসলাম (২৬) এবং গাজীপুরের কালিয়াকৈরের কার্তিক পাল (২৮)। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কার্তিক পালের সহযোগিতায় ফজলুর রহমান ও খায়রুল ইসলাম নিজেদের বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মিশ্রণে নকল বলবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) তৈরি করে আসছিলেন। তাঁরা এ পানীয় হর্স পাওয়ার, নাইট কিং, রেড হর্স, হর্স ফিলিংস, তেজি হর্স পাওয়ার ও হট জিনসিন নামের পানীয়র বোতলে ভরে নকল লেবেল লাগিয়ে বাজারে সরবরাহ করতেন। কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ও লোকমানের নেতৃত্বে পুলিশ ভোরে ফজলুর রহমানের বািড়তে অভিযান চালায়। এ সময় এ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল লেবেল, এক হাজার ৪৬৪ বোতল ড্রিংকস, চার হাজার খালি বোতল, দেড় হাজার বোতলের ছিপি, কয়েকটি ড্রাম, বালতি ও আনুষঙ্গিক মালামাল উদ্ধার করে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে। চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন, ড্রিংকসের নামে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে জীবন হরণকারী অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে কটিয়াদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লোকমান হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।