নকল ও মিথ্যাকে ‘না’ বললেন সবাই
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী, ঠাকুরগাঁও, জামালপুর ও মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পটুয়াখালীতে ছয় শতাধিক শিক্ষার্থী ‘সন্ত্রাস এসিড বাল্যবিয়ে, রুখব সকল শক্তি দিয়ে। মাদকমুক্ত বিশ্বকে চাই, ধুঁকে ধুঁকে মরব না ভাই’ বলে শপথ করে। ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দুই হাত তুলে মাদক ও ইভ টিজিং, নকল ও মিথ্যাকে ‘না’ বলেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: পটুয়াখালী: গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় বন্ধুসভার সভাপতি স্বপন কুমারের শুভেচ্ছা বক্তব্যের পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার দাস শিক্ষার্থীদের শপথ পাঠ করান। ঢাকা মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সুন্দর ও ন্যায়পরায়ণ সমাজ গড়তে তোমাদেরই এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক এ এস এ ইকবাল হোসেন, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মাহিউদ্দিন, প্রথম আলোর সহকারী সম্পাদক মশিউল আলম, পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। ভালো ফলের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় ও ওয়ায়েজিয়া মোস্তফাভীয়া ফাজিল মাদ্রাসাকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। শেষে দক্ষিণা খেলাঘর আসরের শিশুশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার উপদেষ্টা প্রভাষক অশোক কুমার দাস। ঠাকুরগাঁও: মুষল বৃষ্টি উপেক্ষা করে কৃতী শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমবেত হতে থাকেন। বেলা সাড়ে ১১টায় ‘বদলে যাও বদলে দাও’ গানটির সঙ্গে বন্ধুসভার সদস্যদের নাচ ও প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতে স্বাগত বক্তৃতা দেন ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান। তিনি মাদক, ইভ টিজিং, নকল ও মিথ্যা প্রতিরোধে সবাইকে দৃঢ় অবস্থানে থাকতে অনুরোধ করেন। সে সময় উপস্থিত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা দুই হাত তুলে মাদক, ইভ টিজিং, নকল ও মিথ্যাকে ‘না’ বলেন।অনুষ্ঠানে শিক্ষানুরাগী অধ্যাপক মনতোষ কুমার দে, রানীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক প্রশান্ত কুমার, প্রধান শিক্ষক শংকর কুমার ঘোষ ও মো. মফিজুল হক, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জায়েদ হাসান, আবু তোরাব মানিক, কৃতী শিক্ষার্থী মাহফুজুর রহমান, সাঈদা বিনতে আসাদ প্রমুখ বক্তৃতা করেন।ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, ‘জিপিএ-৫ পেয়ে তোমরা পাসপোর্ট পেয়েছ। এখন তোমাদের বিভিন্ন উন্নত জায়গায় যেতে হলে ভিসা অর্জন করতে হবে।’ আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শেষে স্থানীয় বন্ধুসভার সদস্যরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার সদস্য আল ফরিদ ও মলি।জামালপুর: পৌর পাবলিক হলে বেলা সোয়া ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এরপর মাদক, মুখস্থবিদ্যা ও ইভ টিজিংকে না বলে শপথ নেয় কৃতীরা। অনুষ্ঠানে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক হাসান বিন রফিক বলেন, ‘এসএসসির পর অনেকেই পড়ালেখায় অতটা সিরিয়াস হয় না। ফলে তারা ভালো করতে পারে না। ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে নিয়মিত না হয়ে কোচিং-প্রাইভেটে ব্যস্ত থাকে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এসএসসিকে বীজতলা হিসেবে ব্যবহার করে তোমাদের এগোতে হবে।’ অনুষ্ঠানে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন, রবির আঞ্চলিক ব্যবস্থাপক ইফতেখার মোর্শেদ, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, জিলা স্কুলের শিক্ষার্থী আবু সাঈদ, স্থানীয় বন্ধুসভার সভাপতি আনোয়ারুল ইসলাম বক্তৃতা করেন।পরে জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান জামালপুর জিলা স্কুল, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়। শেষে মণিমেলা খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।মৌলভীবাজার: সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ রণধীর দে বলেন, ‘এই সংবর্ধনার পেছনে একটি তাৎপর্য আছে। জগতে ভালো ও মন্দ দুটি দর্শন আছে। কৃতী শিক্ষার্থীরা মন্দকে বর্জন এবং ভালোকে গ্রহণ করবে। এ ছাড়া ভবিষ্যতের দিকে অগ্রসর হতে হলে লক্ষ ও উদ্দেশ্য স্থির করতে হবে। লক্ষ ও উদ্দেশ্য স্থির না হলে অনেক ক্ষেত্রেই সফল হওয়া যায় না।’ অনুষ্ঠানে রবির সিলেট বিভাগীয় প্রধান সৈয়দ আশরাফ উদ্দিন আহমদ, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, শিক্ষার্থী নিপা রানী দাশ প্রমুখ বক্তৃতা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য পূর্ণারায় ভৌমিক, তমাল ফেরদৌস, চৈতালী চৈতী, পূরবী ভট্টাচার্য, প্রিয়াংকা পাল চৌধুরী ও ইবতিদা হাসান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বন্ধুসভার মায়িশা ফারজানা চৌধুরী ও মুজাহিদ আহমদ।শেষে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দি বাড্স রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল ও মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।