নকল ওষুধ কারখানার মালিকের কারাদণ্ড
দিনাজপুরের কাহারোল উপজেলায় গত মঙ্গলবার বেঙ্গল আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামের এক নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তাঁর স্ত্রীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহ্ফুজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়নুরপুর গ্রামে মো. রইছ উদ্দিনের বাড়িতে অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ নকল ওষুধ তৈরির দায়ে কারখানার মালিক সাদেকুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী মোছাম্মৎ মাহফুজা বেগমকে (৪০) আটক করে। পুলিশ কারখানা থেকে বলারিস্ট, কফরিন-বি, সঞ্জীবনী রসায়ন, বলবর্ধক, শক্তিবর্ধক সিরাপ, স্বর্ণ বিলাস কেশ তেলসহ বিভিন্ন ধরনের অনুমোদনবিহীন নকল ওষুধ জব্দ করে। রাতে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত সাদেকুলকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তাঁর স্ত্রী মাহফুজা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, সাদেকুল দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিলেন। গত মঙ্গলবার কাহারোলের গড়নুরপুর গ্রামে অনুমোদনবিহীন ওষুধ তৈরির অপরাধে তাঁকে হাতেনাতে ধরা হয়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।