নকল ওষুধ জব্দ, জরিমানা
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আজ শনিবার বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছেন র্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া এসব ওষুধের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। নকল ওষুধ প্রস্তুত ও বিক্রির অভিযোগে আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেন অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ওয়াজিউল্লাহর উপস্থিতিতে বিকেল তিনটার দিকে ওই এলাকার খান মার্কেটের পাঁচটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটটির রহমান ফার্মেসি, এফএন মেডিকেল, আজমেরী মেডিকেল হলকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা এবং মেরী মেডিকেল স্টোরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রউফ মেডিকেল হলের মালিক আবদুল মান্নানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সারওয়ার আলম আরও বলেন, এসব দোকান থেকে এসকেএফ, ইনসেপটা, স্কয়ারসহ মোট নয়টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নকল ট্যাবলেট ও চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়। বাইরে থেকে এ ধরনের ওষুধ তৈরি করে এই দোকানগুলোতে প্যাকেট করা হতো। নকল ওষুধ তৈরির কারখানাগুলোর সন্ধান করা হচ্ছে। এ ছাড়া রউফ মেডিকেল হল থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া যায়। নকল ওষুধ বেশি থাকায় অভিযান শেষে রউফ ও মেরী মেডিকেল স্টোর সিলগালা করা হয়।