নকল ওষুধ বিক্রির দায়ে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত মঙ্গলবার রাতে আদালত ওই অভিযান পরিচালনা করেন। ওই রাতে আদালত আরও তিনটি ওষুধের দোকানের মালিককে চার হাজার টাকা জরিমানা করেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম বাবুল আহমেদ (৩৫)। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মেহেদী হাসানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আদালত লছমনপুরের কুসুমহাটি বাজারে বাবুল মেডিকেল হলে অভিযান চালান। এ সময় ওই দোকান থেকে ২ হাজার ১০০টি নকল বড়ি জব্দ করা হয়। একই রাতে আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করার দায়ে বাজারের সীমান্ত মেডিকেল হলের মালিক মহসীন আলীকে ২ হাজার টাকা, আরতি ঔষধালয়ের মালিক অজয় নন্দীকে ৫০০ টাকা এবং প্রতিভা মেডিকেল হলের মালিক লিটন নন্দীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।