নকল করতে না দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়ায় গতকাল রোববার কেন্দ্রসচিবের অপসারণের দাবি করে পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় তারা পরীক্ষাকেন্দ্রের দুটি কক্ষ ভাঙচুর করে। পরে কলেজের দুই কর্মচারীকে (এমএলএসএস) পিটিয়ে আহত করে তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলালচন্দ্র সূত্রধর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানা গেছে, গতকাল ইংরেজি প্রথম বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পরীক্ষার্থীদের নকল করার সুযোগ দেওয়ার দাবি জানান। পরে তাঁরা নিজেরাই কয়েকটি কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করেন। কলেজের দায়িত্বরত শিক্ষকেরা এতে আপত্তি জানান। নকলের দায়ে রুস্তম আলি ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ফরহাদ হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিষ্কার করেন। এতে পরীক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। পরীক্ষা শেষে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় কলেজের দুটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবুল চন্দ্র দাস ও মহসিনকে পিটিয়ে তারা আহত করে। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, অন্যায়ভাবে কলেজের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কেন্দ্রসচিব সফিক উদ্দিনের ক্ষমতার অপব্যবহারসহ নানা কারণে পরীক্ষার্থীরা তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত ছিল না। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব সফিক উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি। তবে ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, পরীক্ষার শুরু থেকেই একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নানাভাবে সুযোগ-সুবিধা দাবি করে আসছেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নকলের ব্যাপারে অনড় থাকায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলালচন্দ্র সূত্রধর বলেন, ‘ঘটনাটি শুনেই কেন্দ্রে গিয়েছি। নকল করতে না দেওয়ায় তারা বিক্ষোভ করেছে। এটি অন্যায় আবদার। তবে শিক্ষার মানোন্নয়নে কোনোভাবেই নকলে ছাড় দেওয়া হবে না।’