নকল করতে না পেরে কেন্দ্রে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল করতে না পেরে চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীরা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার্থীদের হামলায় স্থানীয় আট ব্যক্তি আহত হয়েছেন।
কেন্দ্র ভাঙচুরের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিত পাল। তিনি বলেন, গতকাল সকাল সোয়া ১০টার দিকে বোর্ডের পর্যবেক্ষক দলের তিনজন সদস্য পরিদর্শন শেষে বেলা একটার দিকে কেন্দ্র ত্যাগ করেন। এরপর হাজীগঞ্জ মডেল কলেজের কিছু শিক্ষকের উসকানিতে কয়েক শ পরীক্ষার্থী কলেজের মসজিদসহ ২০টি কক্ষের আসবাব, দরজা-জানালা, ফটক, বাগানের প্রাচীরে ভাঙচুর চালায়। এতে কলেজের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পর্যবেক্ষকেরা বাধা দিতে গেলে তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলা ঠেকাতে মসজিদের মাইকযোগে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় পরীক্ষার্থীদের হামলায় আট ব্যক্তি আহত হন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসককে জানানো হয়।
শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, গতকাল জীববিজ্ঞান, ফিন্যান্স ও পৌরনীতি বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষার শুরুতেই পরীক্ষার্থীরা কক্ষের মধ্যে ঝামেলা করে। পরে রচনামূলক পরীক্ষায় বোর্ডের সদস্যের উপস্থিতির কারণে নকল করতে না পেরে পরীক্ষা শেষে তাঁরা তাণ্ডব চালায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম ও মডেল কলেজের অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী ঘটনাস্থলে উপস্থিত হন। আলমগীর কবির ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কাছে ঘটনার দায় মাথায় নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
মডেল কলেজের অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে খাতা নিয়ে যাওয়ায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে হামলা করেছে। ’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত শাহ আলী রেজা আশরাফী বলেন, ‘বোর্ড থেকে টিম আসায় ও প্রশ্নপত্র কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ কাজটি করেছে। পরীক্ষা শেষ হওয়ার পর যথাসময়ে খাতা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ সত্য নয়।’
ইউএনও শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচনের পরে বসব। ডিগ্রি কলেজের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ মডেল কলেজকে দিতে হবে।’