নকল করতে না পেরে পরীক্ষা কেন্দ্রে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল করা এবং পরীক্ষা শেষে উত্তরপত্রে লেখার সুযোগ না পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার্থী ও তাদের স্বজনেরা কেন্দ্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাগুরার মহমঞ্চদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে আমিনুর রহমান ডিগ্রি কলেজ ও কাজী সালিমা হক মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বিভিন্ন কক্ষে হইচই ও হট্টগোল শুরু করে। আমিনুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ও স্বজনেরা ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও শিক্ষকেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেন্দ্রসচিব মতিউর রহমান বলেন, ‘আমরা ভালো পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরীক্ষার্থীরা নকলের সুযোগ চায়। আমরা তাদের নকল করতে দিইনি।’