নকল করে পরীক্ষা দিতে চাইলে কেন্দ্রে আসার দরকার নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা নকল করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের পরীক্ষাকেন্দ্রে আসার দরকার নেই। এটাও সত্য, কোথাও কোথাও শিক্ষক ও সরকারি কর্মচারীরা নকলের সঙ্গে জড়িয়ে পড়েন। এবার তেমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, একটি শিক্ষানীতি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।মন্ত্রী গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জেলা প্রশাসন, বোর্ডের কর্মকর্তা, শিক্ষক ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে শতভাগ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়। বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামপদ দে, জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত ও প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান বক্তৃতা করেন।১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে এবার চট্টগ্রাম বোর্ডের ৬৮ হাজার ৫১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। চট্টগ্রাম বোর্ডে এবার মোট ১৪০টি কেন্দ্র রয়েছে। পর্যবেক্ষক দল থাকবে ৫৫টি।শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরীক্ষার পাশাপাশি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ছাত্র-শিক্ষক এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এতে কেউ ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতেই দিতে হবে। আর তাদের সত্, শিক্ষিত, নৈতিক চরিত্রবান, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকসমাজ ও আমাদের নিতে হবে।’নুরুল ইসলাম বলেন, কোনো কোনো বিদ্যালয় ৩০ জন পরীক্ষার্থী দিয়ে বলে যে তাদের শতভাগ পাস করেছে। এটা চলবে না। নবম শ্রেণীতে ওই বিদ্যালয়ে কতজন ছাত্র ছিল, সেটাও দেখা হবে।পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে নিজেদের মতামত তুলে ধরে উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মনোয়ারা বেগম, পুলিশ সুপার জেড এ মোরশেদ, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিনসহ বিভিন্ন জেলার কেন্দ্র সচিবেরা বক্তৃতা করেন।