নকল করে পাস করলে তা ভবিষ্যতে কাজে দেয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহ করা শিক্ষার্থীদের গলা টিপে হত্যার শামিল। ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে বা নকল করে পরীক্ষায় ভালো ফলাফল করলেও ভবিষ্যতে তা কাজে দেয় না। যোগ্য নাগরিক হতে হলে লেখাপড়ার বিকল্প নেই।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে ‘আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাসচিব এসব কথা বলেন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা ও শিক্ষানুরাগী ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের উদ্বোধন করেন।

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (জননিরাপত্তা) কামাল উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা ও সেবা) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পারভীন আক্তার, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাণিজ্যিক) আবদুল কুদ্দুস খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবীর খোন্দকার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জাহানারা আরজু, জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল আলম। নবীনবরণ ও বৃত্তি প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে।