নকল কারখানার সন্ধান, মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরের নয়নামতি চক পৈলানপুর মহল্লায় গতকাল বুধবার দুপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি নকল প্রসাধন সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছেন। আদালত কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল জব্দ করে ধ্বংস ও মালিককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিএসটিআই রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম এবং পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা ইয়াসমিন।
মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মহল্লার জুয়েল কসমেটিকস প্রোডাক্টস নামের একটি কারখানায় দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের গায়ের রং ফর্সাকারী ক্রিম, স্পট-আউট ক্রিম, ফেয়ারনেস ক্রিম, পাউডার ও পারফিউম বানিয়ে বাজারজাত করা হতো। অভিযানের সময় কারখানাটির মালিক ইকবাল প্রামাণিক পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী শিউলী খাতুনকে হাজির করা হলে আদালত নকল প্রসাধন সামগ্রী তৈরির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানা থেকে জব্দ করা প্রায় ৩০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।