নকল কীটনাশক উদ্ধার লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হকের ছোট ভাই সাইফুল ইসলাম ও তাঁর ভাগনে সেলিম হোসেনর দোকান থেকে নকল কীটনাশক উদ্ধার করা হয়েছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত বুধবার রাতে এই নকল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ কীটনাশকের প্যাকেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, তাঁরা জানতে পারেন, উপজেলার উত্তর একডালা গ্রামে নকল কীটনাশক তৈরি করে বাজারজাত করা হয়। এতে কৃষকেরা প্রতারিত হচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা দল অনুসন্ধান চালায়। তারা বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম ও তাঁর ভাগনে সেলিম সটকে পড়েন। র‌্যাব প্রথমে তাদের পাহাড়পুরের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু নকল কীটনাশক জব্দ করে। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে প্যাকেটে ভরা আরও নকল কীটনাশক, খালি প্যাকেট ও প্যাকেটজাত করার যন্ত্র উদ্ধার করা হয়। দুই স্থান থেকে মোট ৭৪৭ প্যাকেট নকল কীটনাশক, ছয় বস্তা ভর্তি বোরাক পাউডার, এক হাজার ৮১৫টি খালি প্যাকেট, ১৪৪টি কার্টন জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানায়।বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা সামস-ই তাবরিজ জানান, বালু, ইটের গুঁড়া ও রং মিশিয়ে সেগুলো তৈরি করা হয়েছে। এর ভেতরে অন্য কোনো উপকরণ নেই বলে জানা গেছে। তার পরও কিছু নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। অন্যগুলো পোড়ানো হয়েছে।বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, কীটনাশক তৈরি ও বাজারজাতকরণের কোনো আইন না থাকায় ভেজাল মেশানোর দায়ে গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেলিমের এক লাখ টাকা জরিমানা আদায়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে সাইফুল ইসলামের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তাঁর বাড়িতে হানা দেওয়া হয়েছিল।