নকল কীটনাশক কারখানার সন্ধান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী বাজারে নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ ওই কারখানা থেকে নকল প্যাকেট কীটনাশকসহ প্যাকেটজাত করার যন্ত্র ও সিল উদ্ধার করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে পাশের বাঙ্গালা ইউনিয়নের বানীয়াকৌর গ্রামের আবদুল মান্নান বনানী বাজারের ফারুক নামের এক ব্যক্তির ঘর ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকে সেখানে কীটনাশক তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মোক্তার হোসেন নামের এক মুদির দোকানদার বাজারে যান। এ সময় তিনি ওই ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি দেখার জন্য ঘরের ভেতরের লোকজনকে ডাক দেন। এ সময় ভেতরে থাকা মান্নান ও সাদ্দাম হোসেন নামের দুজন ঘরের দরজা খোলার পর দৌড়ে পালিয়ে যান। পরের দিন সকালে থানার পুলিশ ও কৃষি অফিসকে খবর দিলে তারা এসে ১৫৪ প্যাকেট নকল কীটনাশক (১০০ প্যাকেট করা এবং ৫৪ প্যাকেট খোলা), একটি সিল ও প্যাকেট করার একটি মেশিন জব্দ করে।রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রাতে বিষয়টি জানার পর দুটি ঘর স্থানীয় সবার উপস্থিতিতে তালাবদ্ধ করার পর আমরা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন করি। পরের দিন তাঁরা এসে এই নকল কীটনাশকের কারখানার মালামাল উদ্ধার করেন।’ উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, জব্দ করা সব কীটনাশক নকল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। প্যাকেটের গায়ে উদয়ন অ্যাগ্রো অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ লেখা রয়েছে।