নকল কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান একজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় বিভিন্ন ধরনের নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে গ্রেপ্তার করা তানজিব উর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, তানজিব ত্রিমোহনী এলাকায় ইদ্রিস আলীর বাড়ির দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল এনার্জি ড্রিংকস তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক এলাকার লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা ঘটনাস্থলে গিয়ে কথিত এইচ আর কোম্পানির স্থানীয় বিপণন কর্মকর্তা তানজিব উর রহমানকে আটকের নির্দেশ দেন। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম তাৎক্ষণিকভাবে সেখানে আদালত বসিয়ে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।ইউএনও প্রথম আলোকে বলেন, কারখানায় সাত-আট রকমের নকল কোমল পানীয় পাওয়া গেছে। এসব পণ্যের মোড়কে ‘ইহা বিএসটিআই আওতাভূক্ত পন্য নহে’ লেখা রয়েছে।তানজিব উর রহমান বলেন, এসব পণ্য ভালো না হওয়ায় ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে তিনি এসব পণ্যের সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, আবদুর রাজ্জাক লোকজন নিয়ে তাঁর কক্ষে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেছেন। তবে আবদুর রাজ্জাক মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।