নকল ক্যাপসুল তৈরির কারখানা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ নকল সাপ্লিমেন্ট ভিটামিন ক্যাপসুল তৈরির যন্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ নকল ভিটামিন ক্যাপসুল ও রাসায়নিক পদার্থ উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার হুগলাডাঙ্গী গ্রামের রুবেল মিয়া (২৫), লালমনিরহাটের আদিতমারী উপজেলার মধুপুর গ্রামের হাদিকুল ইসলাম (৩৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর গ্রামের রাজু আহম্মেদ (২০), সামসুল হক (৩৫) ও মির্জাপুর উপজেলার ছলিমনগর গ্রামের কালিপদ শীল (৫৮)।পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের লাইলী বেগমের বাড়িতে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গোল্ডেন হেলথ কেয়ার কোম্পানির নামে নকল ভিটামিন ডায়েটারি সাপ্লিমেন্ট ভিটামিন ‘এটুজেট’ সহ নানা নামের ভিটামিন তৈরি করে কৌটায় বাজারজাত করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্তের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ক্যাপসুল তৈরির একটি মেশিন, ৯৬২ কৌটা নকল ভিটামিন ক্যাপসুল, বিভিন্ন প্রকারের তিন বস্তা রাসায়নিক, বিট লবণজাতীয় ৪৫ কেজি ছাই রঙের পাউডার, তিন বস্তা খালি কৌটা, এক বস্তা লেবেল, এক কার্টুন ক্যাপসুলের ক্যাপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও মালামাল উদ্ধার করে।এসআই শ্যামল দত্ত বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নকল ভিটামিন তৈরি করে উঠতি বয়সের যুবকদের দিয়ে মির্জাপুরসহ দেশের বিভিন্ন স্থানে ওষুধের দোকানে বাজারজাত করে আসছিলেন।