নকল কয়েল কারখানার সন্ধান, মালিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে নকল কয়েল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে ওই কারখানায় অভিযান চালিয়ে ১৫ কার্টন কয়েলসহ কয়েল তৈরির বিভিন্ন কেমিক্যাল, কয়েলের ফর্মা ও কয়েকটি যন্ত্র জব্দ করেছে। এ সময় ওই কারখানার মালিক জাভেদ আহমেদকে (৪৫) আটক করে পুলিশ। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। ওই কারখানায় দীর্ঘদিন ধরে ‘বোমা’ ও ‘বোনাস’ নামে নকল কয়েল তৈরি করা হতো। পুলিশ জানায়, কাঠের গুঁড়া, সোডা পাউডার, লাল রং, রাসায়নিক পদার্থ, তুষের ছাই ও সুগন্ধি দিয়ে ওই নকল কয়েল তৈরি করা হতো। প্যাকেটে ব্যবহার করা হতো বিএসটিআইয়ের লোগো ও ভুয়া নিবন্ধন নম্বর। এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় কোনো কাগজপত্র না থাকলেও হুবহু ওই সব প্রতিষ্ঠানের প্রতীক ব্যবহার করা হতো। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগের মাঠকর্মী শাহাদৎ হোসেন বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পণ্যসামগ্রী বাজারজাত করা অপরাধ। তবে জাভেদ আহমেদ ওয়ার্ল্ড রিভলট মাদার অ্যান্ড সন্স নামে কয়েল কোম্পানি গড়ে তুলতে বিএসটিআইয়ের অনুমোদন পেতে প্যাকেটের একটি ডিজাইন জমা দিয়েছেন।’ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহবুব বলেন, নকল কয়েল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিতে পারে। পুলিশের হাতে আটক জাভেদ আহমেদ বলেন, ‘কয়েলসহ বিভিন্ন পণ্যসামগ্রী তৈরির অভিজ্ঞতা আমার আছে। এসব পণ্য বাজারজাত করার জন্য বিএসটিআইয়ে আবেদন করা হয়েছে।’