নকল ঘি তৈরির অভিযোগে বাবা ছেলের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ঘি তৈরির অভিযোগে পুরান ঢাকার বেগমবাজারে বাবা-ছেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার নির্দেশ দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার মধ্যরাত থেকে বেগমবাজারে অভিযান শুরু হয়। ওই দুজন হলেন আবদুস সামাদ (৬৩) ও তাঁর ছেলে মো. সোহেল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সঙ্গে বিএসটিআইয়ের প্রতিনিধি ছিলেন।
আনোয়ার পাশা জানান, নকল ঘি তৈরির অভিযোগে ২০১১ সালের ১২ জুলাই এই দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কারাগার থেকে ছাড়া পেয়ে তাঁরা আবারও একই কাজ শুরু করেছেন বলে এবার তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব জানায়, ১৫ বছর ধরে সামাদ এ কাজ করছেন। প্রচলিত নামের বিভিন্ন ঘিয়ের ব্যবহৃত খালি টিন সংগ্রহ করে তাতে ভেজাল ঘি ভরে বাজারে ছাড়ছিলেন তিনি। পামওয়েলের সঙ্গে ডালডা এবং রং মিশিয়ে ভেজাল ঘি তৈরি করেন সামাদ।