নকল চিপস ও আইসক্রিম, ভেজাল মসলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত দুই দিন ফরিদপুরের বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন। এ সময় আদালত নকল চিপস ও নকল আইসক্রিম তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকাসহ ছয় প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেন। র‌্যাব সদস্যরা গত শনিবার সিলেটে অভিযান চালিয়ে দেড় হাজার কেজি ভেজাল মসলা উদ্ধার করেছেন। জয়পুরহাটে খোলাবাজারে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সদরের কানাইপুর বাজারে অভিযান চালান। এ সময় আদালত নকল চিপস তৈরির দায়ে মধুপুর চিপস নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত পরে শহরের টেপাখোলা এলাকার একটি আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালান। নকল কুলফি, কোকাকোলা ও পোলার আইসক্রিম তৈরির দায়ে ওই কারখানার মালিক হাকিম মোল্যাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল, সাবান, সুজি এবং খাওয়ার অনুপযোগী ডাল রাখার অভিযোগে ফরিদপুর শহরের ন্যায্যমূল্যের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত রোববার অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন। রোববার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুর রেজা বিশ্বাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের তিতুমীর বাজারে অভিযান চালান। এ সময় ওই বাজারের নক্সীকাঁথা নামের একটি শপিং সেন্টারের মালিক আবদুর রহমানকে ২০ হাজার, গোপাল বস্ত্রালয়কে ১০ হাজার ও সুশান্ত কুমারের মুদির দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।সিলেট: গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরী গোটাটিকর এলাকার এ হান্নান অ্যান্ড কোং কোম্পানির মসলা তৈরির কারখানায় র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ওই কারখানা থেকে প্রায় আট লক্ষাধিক টাকার দেড় হাজার কেজি ভেজাল মসলা জব্দ করেন। ভুসি, কাঠ, বালু আর ইটের গুঁড়ায় লাল ও হলুদ রং মিশিয়ে মসলা তৈরি করে প্যাকেট বানিয়ে নগরের বিভিন্ন দোকানে বাজারজাত করা হচ্ছে।পাঁচবিবি (জয়পুরহাট): ভ্রাম্যমাণ আদালত অনুমোদন ছাড়া খোলাবাজারে সার বিক্রির অভিযোগে জয়পুরহাট সদর ও পাঁচবিবির দুই সার ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন। ওই দুই সার ব্যবসায়ী হচ্ছেন পাঁচবিবির তেলিহার গ্রামের মাহবুব আলম ও জয়পুরহাট সদরের তুলট গ্রামের রেজুয়ান ইসলাম।আদালতের কাজে বাধা দেওয়ায় মামলা:আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, গত রোববার লালমনিরহাট পৌরসভার গোশালা রোডের উত্তরণ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতে লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসহকারী ছানোয়ার হোসেন এ মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার বিকেল তিনটায় উত্তরণ মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় সদর উপজেলার টিউমলপাড়ার আবু সাঈদের নেতৃত্বে আরও প্রায় ২০-২৫ জন আদালতের কাজে বাধা দেয়।