নকল টিকা দেওয়ার দায়ে চারজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নকল হেপাটাইটিস বি টিকা দেওয়ার সময় চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নগরের নন্দনকানন ২ নম্বর হরিষ দত্ত লেনে আর্ত চেতনা মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠনের ব্যানারে এ টিকাদান কর্মসূচি চালানো হচ্ছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় টিকা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, নন্দনকানন এলাকায় আর্ত চেতনা মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ব্যানার টানিয়ে হেপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছিল। প্রতিটি টিকার জন্য ৪০০ টাকা করে নেওয়া হচ্ছিল। দেশের কয়েকটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের টিকার আড়ালে সানভেক্স বি নামে নকল টিকা দেওয়া হচ্ছিল। এই টিকা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদিত নয়। এ ছাড়া টিকা সঠিকভাবে সংরক্ষণ না করে রাখা হয়েছিল ভ্যানিটি ব্যাগে। টিকাদানের সঙ্গে জড়িত চারজন এনজিও কর্মীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।