নকল তার তৈরি কারখানার মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নবাবপুর এলাকায় আজ বুধবার অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক তার তৈরি কারখানার মালিককে এক লাখ ২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই কারখানার প্রায় ১৫ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার ধ্বংস করা হয়।

আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৫, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এ অভিযান চলে।

এপিবিএন-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাবপুরের খান মার্কেটের আট তলায় একটি কারখানায় দীর্ঘদিন ধরে নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি করে নামীদামি কোম্পানির মোড়ক লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে গিয়ে প্রথমে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়। এ সময় বিআরবি, প্যারাডাইস, ইস্টার্ন, সানশাইনসহ আরও নামীদামি কোম্পানির কয়েক হাজার মোড়ক জব্দ করা হয়। পরে কারখানার মালিক টুটুল ইসলাম অপরাধ স্বীকার করলে তাঁকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জরিমানা করেন। জব্দ করা বৈদ্যুতিক তার ধ্বংস করা হয়।

হাফিজুর রহমানের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নিম্নমানের বৈদ্যুতিক তারের কারণে শিল্প কারখানাসহ বসতবাড়িতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘটতে পারে অগ্নিকাণ্ডও।