নকল ধরিয়ে দেওয়ায় নারী পরীক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল ধরিয়ে দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা এক নারী পরীক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে এ ঘটনা ঘটে।ওই নারী পরীক্ষার্থী খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, তিনি আযম খান সরকারি কমার্স কলেজের পুরাতন ভবনের ১০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শুরুর ১০ মিনিট পর দায়িত্বরত শিক্ষক দিলীপ কুমার পেছনের বেঞ্চের কয়েকজন পরীক্ষার্থীর কাছে টিক চিহ্ন দেওয়া একটি প্রশ্নপত্র দিয়ে যান। এই প্রশ্নপত্র দেখে কয়েকজন পরীক্ষার্থী খাতায় উত্তর লিখছিলেন। এ ব্যাপারে অভিযোগ করলে দিলীপ কুমার তাঁকে (নারী পরীক্ষার্থী) হল থেকে বের করে দেন।ওই পরীক্ষার্থী বলেন, ‘আমি হল থেকে বের হয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে ঘটনা জানাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলে গিয়ে নকল করতে থাকা এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মানিক টেনেহিঁচড়ে কলেজের বাইরে নিয়ে আমাকে মারধর করেন। এতে আমার নাক ফেটে যায়।’ জানা গেছে, যাঁরা নকল করছিলেন, তাঁরা আবদুল্লাহ আল মানিকের বান্ধবী।শিক্ষক দিলীপ কুমার বর্মণ বলেন, ‘কয়েকজন পরীক্ষার্থী দেখাদেখি করে লিখছিলেন। আমি কয়েকবার তাঁদের বারণ করেছি। কিন্তু তাঁরা শোনেননি।’ তিনি আরও বলেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ রটানো হয়েছে।’জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, একজন পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ১০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে একজনকে ‘সাইলেন্ট এক্সপেল’ এবং এক শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।কমার্স কলেজ ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মানিক বলেন, ‘বহিষ্কৃত পরীক্ষার্থীর সঙ্গে ওই মেয়ের হাতাহাতি হয়েছে। এতে সে আহত হয়ে থাকতে পারে। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়।’ছাত্রলীগ সূত্র জানায়, প্রায় এক বছর ধরে কমার্স কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। আবদুল্লাহ আল মানিক সেখানে ছাত্রলীগের কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে থাকেন।