নকল ধানবীজ কিনে ঠকছেন কৃষক
নকল ও ভেজাল আমন ধানবীজ কিনে প্রতারিত হচ্ছেন রংপুরের কৃষকেরা। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বীজসহ একজনকে গ্রেপ্তার করে সাজাও দিয়েছেন।জেলা বীজ প্রত্যয়ন কার্যালয় সূত্র জানায়, শহরের মুলাটোল এলাকায় কৃষি বিপ্লব সিড স্টোরের একটি ভাড়া করা গুদাম থেকে ১৪ জুন বিপুল পরিমাণ নকল ধানবীজ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে ছিল ১০২ কেজি ভেজাল স্বর্ণ ধানবীজ, হরি ও রঞ্জিত ধানবীজ, বিএডিসির প্যাকেটে মোড়ানো ৩৬০ কেজি ধানবীজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ১২২টি খালি প্যাকেট ও একটি বস্তা সেলাইয়ের মেশিন। তবে অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা ও তাঁর ভাই আক্কাস আলী আগেই সটকে পড়েন। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।১৫ জুন শহরের পৌর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হানিফ সিড স্টোর থেকে এক টন ভেজাল ও নকল ধানবীজ ব্রি ধান-৪০, ব্রি ধান-৪৯ ও বিনা-৭ উদ্ধার করেন। পরে ওই দোকানের মালিক হানিফুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জানা গেছে, এখন পুরোদমে চলছে আমন রোপণের প্রস্তুতি। অনেকেই আমনের জমিতে বীজতলা প্রস্তুত করেছেন। আবার কেউ কেউ দু-এক দিনের মধ্যে বীজতলা করবেন। কিন্তু বাজারে নিম্নমানের বীজের কারণে কৃষকেরা আবাদ নিয়ে শঙ্কিত।গঙ্গাচড়া উপজেলার ভুটকা গ্রামের কৃষক আলমাছ মিয়া বলেন, ‘ভালো বীজ চেনা খুব মুশকিল হয়া গেইছে। কোনটা আসল আর কোনটা নকল, তা যাচাই-বাছাই করাও কষ্টকর ব্যাপার।’ তিনি জানান, ১০ কেজি ওজনের প্যাকেটের ভিত্তি ধানবীজ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। একই উপজেলার আরাজি গ্রামের কৃষক আব্বাছ মিয়া বলেন, ‘খুচরা বীজ ব্যবসায়ীরাই কবার পাইবে না কোনটি আসল আর কোনটি নকল বীজ।’ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রংপুরে বিএডিসিসহ ৩০টি প্রতিষ্ঠানের বীজ বাজারজাত করার প্রত্যয়নপত্র রয়েছে। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। বেসরকারি পর্যায়ে এর চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠান বীজ বাজারজাত করছে, যাদের কোনো প্রত্যয়নপত্র নেই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—এমন এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, সরকারিভাবে বীজ প্রত্যয়ন কার্যালয়ে কোনো গাড়ি নেই। মাত্র একজন পিয়ন ও অফিস সহকারী রয়েছে।