নকল পানি পরিশোধন প্রতিষ্ঠানের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পরিশোধিত পানি উৎপাদন ও বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে। গতকাল বুধবার দুপুরে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মতিনুর রশিদ। বিএসটিআই সূত্রে জানা যায়, নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার রংধনু ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি নামের প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ড্রিকিং ওয়াটার এবং খাদ্যে ব্যবহার অনুপযোগী রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রি করে আসছিল। অভিযানে ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির কোনো মালিককে না পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ৬০টি পানিভর্তি জার ধ্বংস করে দেন। এ ছাড়া একই সময়ে ৮০ কেজি রং মেশানো আইসক্রিমও ধ্বংস করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত মহানগরের সারসন রোড এলাকায় অভিযান চালান। এখানে আবুল কাশেম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ঢাকনা ছাড়া খাদ্য সংরক্ষণের দায়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।