নকল পানীয় কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি গ্রামে যৌন উত্তেজনাবর্ধক নকল পানীয় কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার ওই কারখানা থেকে নকল পানীয় ও পানীয় তৈরিতে ব্যবহূত সরঞ্জামাদি উদ্ধার এবং তিন ব্যক্তিকে আটক করা হয়।মানিকগঞ্জ ডিবি পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে উপপরিদর্শক মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ শিবালয়ের পাচুরিয়া গ্রামে আব্বাস উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৫০ লিটার রংমিশ্রিত তরল, এক লিটার ম্যাঙ্গো ফ্লেভার, ৬০০ বোতল নকল পানীয়, ৭৮০টি লেবেলযুক্ত খালি প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।নকল পানীয় তৈরির অভিযোগে আটক করা হয় কারখানার মালিক আব্বাস উদ্দিন (৩০), কর্মচারী বরিশালের কোতোয়ালি উপজেলার কড়াপুর গ্রামের জাকির হোসেন (৪০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের নজরুল ইসলামকে (২৮)। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবদুল মালেক খান বলেন, এসব নকল পানীয়তে মেশানো রং ও ফ্লেভার মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো পানে মানুষ ক্যানসারসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।