নকল পানীয় কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরতলির বেতগাড়ী এলাকায় নকল পানীয় (এনার্জি ড্রিংস) তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে তল্লাশি চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপুল পরিমাণ এনার্জি ড্রিংসের বোতল উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত তল্লাশির পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। তল্লাশিকালে পুলিশ কারখানা থেকে ইউছুফ আলী (২৪) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বেতগাড়ী এলাকায় আবদুল মজিদের বাড়িতে গড়ে ওঠা কারখানায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক হাজার বোতল ‘হট ফিলিংস প্লাস’ নামের এনার্জি ড্রিংস, পাঁচ হাজার খালি বোতল, কর্ক, লেবেল, চিনি, পানি, মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এরপর রাত সোয়া ১২টায় পুলিশের দলটি শহরের কলোনি এলাকায় আশা এন্টারপ্রাইজ নামের দোকানে অভিযান চালিয়ে আরও ছয় শতাধিক নকল এনার্জি ড্রিংস জব্দ করে। এনার্জি ড্রিংসের বোতলের গায়ে লেখা রয়েছে ‘শুধু প্রাপ্তবয়স্কদের জন্য’। এ ছাড়া বিএসটিআইয়ের সিল এবং কোম্পানির নাম লেখা রয়েছে ‘মিক্সড ফুড হারবাল ড্রিংস’। গ্রেপ্তার করা কর্মচারী ইউছুফ আলী জানান, শহরের জনৈক বিপ্লব তিন মাস আগে ওই বাড়িটি ভাড়া নিয়ে কারখানা স্থাপন করে এসব পানীয় তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, ওই কারখানা নামের কোনো সাইনবোর্ড নেই। বিএসটিআইয়ের সিল থাকলেও সেগুলো ভুয়া।