নকল পানীয় তৈরির দায়ে খুলনায় দুজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুরে দেয়ানা হাসপাতাল মোড়ে নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নকল ‘এনার্জি ড্রিংক’ তৈরির বিপুল পরিমাণ মালামাল জব্দ ও সাতজনকে আটক করেছেন। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটায় অভিযান চালানো হয়।পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে আড়াই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় ওই দুজনকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি পাঁচজন ছিলেন কর্মচারী। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেয়ানা হাসপাতাল মোড়ে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ির ভাড়াটে মুরাদ মল্লিক ও ঝিলান হোসেনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে তিন হাজার বোতল পানীয়, ৪০০ লিটার পানীয়, পাঁচ হাজার খালি বোতল ও বিভিন্ন কোম্পানির তিন হাজার লেবেল জব্দ করা হয়েছে। এ ছাড়া পানীয় তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই সময় পানীয় তৈরির কাজে কর্মরত সিরাজুল ইসলাম, রিজন শেখ, আমিরুল ইসলাম, শেখ হেদাউজ্জামান ও জুয়েল শেখ নামে পাঁচ কর্মচারীকে আটক করা হয়।