নকল প্রসাধনসামগ্রী ফেরি করে বিক্রি!
ঈদ সামনে রেখে রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় নকল প্রসাধনসামগ্রীর বিক্রি বেড়ে গেছে। কম দামে এসব প্রসাধনসামগ্রী কিনে লোকজন প্রতারিত হচ্ছে। পুলিশ নকল প্রসাধন কারখানার সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, নগরের বিভিন্ন অলিগলিতে বাসন-কোসনের সঙ্গে ফেরিওয়ালারা নকল প্রসাধনসামগ্রী নিয়ে আসছেন। প্রথমে তাঁরা বাসন বিক্রির জন্য বাড়ি বাড়ি যান। তারপর সুযোগ বুঝে বাসন-কোসনের আড়াল থেকে প্রসাধনসামগ্রী বের করেন। নকল এসব প্রসাধনী বিক্রির সময় ফেরিওয়ালারা দাবি করেন, চট্টগ্রাম বন্দর থেকে কর ফাঁকি দিয়ে তাঁরা এগুলো নিয়ে এসেছেন। এ জন্য তাঁরা কম দামে দিতে পারছেন।রাজশাহী নগরের ষষ্টিতলা এলাকার রোকেয়া খাতুন জানান, প্রায় জোর করে এক ফেরিওয়ালা ৩২০ টাকা দামের একটি শ্যাম্পুর বোতল তাঁকে ১০০ টাকায় গছিয়ে গেছেন। তিনি বলেন, শ্যাম্পুর বোতলের গায়ে হলোগ্রামযুক্ত সিল দেওয়া আছে, দেখে বোঝার উপায় নেই যে এটি নকল। কিন্তু ব্যবহার করতে গিয়ে দেখা যায়, এতে ফেনা হয় না। রাজশাহীর সাহেববাজার এলাকায় একটি ছাত্রাবাসে থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভাশীষ। তিনি বলেন, ‘ফেরিওয়ালার কাছ থেকে প্লেবয় নামের একটি পারফিউম কিনেছিলাম। বোতলের চেহারা ও লেবেল দেখে বোঝার উপায় নেই যে, এটি নকল। প্রথমে ওরা যখন দেখায় তখন ভালো ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু চার-পাঁচ মিনিট পরেই আর কোনো গন্ধ থাকে না।’পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চল এবং পুলিশ নকল প্রসাধন কারখানার সন্ধানে অভিযান জোরদার করেছে। বিএসটিআইয়ের সহকারী পরিচালক আলাউদ্দিন হোসাইন বলেন, ‘ফেরিওয়ালাদের ধরা যায় না। তাদের কোনো ঠিকানা নেই। আট-দশ ঘণ্টা শহরে এসে বেচাকেনা করে আবার চলে যায়।’তিনি জানান, গত সোমবার রাতে তাঁরা নগরের তেরখাদিয়া উত্তরপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ তিন যুবককে গ্রেপ্তার করেন। নকল প্রসাধনী তৈরির হোতা রকিবুল হাসান ওরফে সোহাগের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। তাঁর দুই সহযোগী ঈশ্বরদীর রূপপুুরের রাজু এবং নাটোরের মাসুদ রানা। তাঁরা তেরখাদিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নকল প্রসাধনসামগ্রী তৈরি ও বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।