নকল বিড়ির কারখানার সন্ধান
ঝিনাইদহের কালীগঞ্জে নকল বিড়ি তৈরির তিনটি কারখানার সন্ধান পাওয়া গেছে। কালীগঞ্জ থানার পুলিশ গত শুক্রবার আজিজ বিড়ি কোম্পানির কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালায়। এ সময় কারখানার মালিকেরা হামলা চালিয়ে ভরসা কোম্পানির একটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নকল বিড়ি তৈরির একটি কারখানার মালিক গোলাম মোরশেদ ওরফে টিপুকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে এ ঘটনায় আজিজ বিড়ি কোম্পানির পক্ষ থেকে শুক্রবার রাতে টিপুসহ ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আজিজ বিড়ি কোম্পানির কর্মকর্তা জহির উদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার পারখির্দ্দা ও দেবরাজপুর গ্রামের কয়েকটি কারখানায় তাঁদের প্রতিষ্ঠানের আজিজ ব্র্যান্ডের নকল বিড়ি তৈরি করা হচ্ছে। কর ফাঁকি দেওয়ার জন্য পুরোনো ব্যান্ডরোল সংগ্রহ করে এই বিড়ি তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে ৪ মার্চ এ বিষয়ে তাঁরা কালীগঞ্জ থানায় একটি লিখিত আবেদন করেন। কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিত্ কুমার জানান, ভরসা কোম্পানির আবেদন পেয়ে তিনি ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যা সাতটায় পারখির্দ্দা গ্রামে পৌঁছান। তাঁরা সেখানে টিপু, আবুল কালাম ও সোহেল রানার বাড়িতে বিড়ি তৈরির কারখানার সন্ধান পান। সেখান থেকে তাঁরা সাত হাজার ২০০টি ব্যান্ডরোল, তামাক ও পলিথিন উদ্ধার করেন। এগুলো গাড়িতে তোলার প্রস্তুতি নেওয়ার সময় কারখানার লোকজন তাঁদের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করেন।