নকল মবিল বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
শেরপুর জেলা শহরে নকল মবিল বিক্রির দায়ে মো. শাহজাহান আলী নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাঁর কারখানা থেকে নকল মবিল, স্পিরিট ও কনটেইনার জব্দ করা হয়। গতকাল রোববার শেরপুরের নির্বাহী হাকিম সামছউদ্দিনের নেতৃত্বে র্যাব-১৪-এর সদস্যরা ওই অভিযান চালান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ব শেরীপাড়া মহল্লার শাহজাহান আলী নকল মবিল কিনে এনে তা বাজারজাত করে আসছিলেন। গতকাল দুপুরে শেরপুরের নির্বাহী হাকিম সামছউদ্দিন অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে। পাশাপাশি তাঁরা ৭২১ লিটার নকল মবিল, ২৩০ লিটার স্পিরিট এবং ১০০ লিটার নকল মবিল তৈরির তরল পদার্থ জব্দ করেন। এ ছাড়া মবিল বাজারজাত করার জন্য ব্যবহৃত দুই হাজার ২০০টি কনটেইনার এবং লেবেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।