নকল রসিদে ফি আদায় তদন্তের প্রতিবেদন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের নকল রসিদে রোগ পরীক্ষা ফি আদায় ও ওই টাকা আত্মসাতের ঘটনায় গঠিত কমিটি এখন পর্যন্ত তদন্ত শেষ করেনি। বিষয়টি ধামাচাপা চেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান হাফিজ উদ্দিন বলেন, ‘আমাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা ধরিয়ে দিয়েছি। এ ব্যাপারে বড় একটা তদন্তও হয়েছে। এরপর কী হয়েছে আমি কিছুই জানি না।’ তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, ‘এটা একটা দাপ্তরিক বিষয়। এ বিষয়ে হাসপাতালের পরিচালকের অনুমতি ছাড়া আমি কিছুই বলব না।’হাসপাতাল সূত্রে জানা গেছে, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে বিভিন্ন পরীক্ষার জন্য সরকারি রসিদের মাধ্যমে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। রসিদ বই হাসপাতালের ভান্ডার থেকে ইস্যু করা হয়। এর হিসাব একটি রেজিস্টারে নিয়মিত সংরক্ষণ করার কথা। ভান্ডার থেকে প্রতি মাসে ১০০ পাতার প্রায় ৪০টি বই দেওয়া হয়।রেডিওলজি বিভাগ সূত্র জানায়, বিভাগের কাউন্টার থেকে সরকারি রসিদের মাধ্যমে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে কাউন্টারের একজন কর্মচারী লক্ষ করেন যে সরকারি রসিদের লেখা ছোট অক্ষরে আর রোগীরা নিয়ে আসছেন বড় অক্ষরে লেখা রসিদ। এটা নিয়ে সন্দেহ হয়। পরে রক্ত পরিসঞ্চালন বিভাগের চিকিৎসক মোহাম্মদ মোসাদ্দেক হোসেনকে সভাপতি ও উপপরিচালক বরকতুল্লাহকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি রেডিওলজি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের চিঠি দিয়ে তাঁদের সাক্ষ্য নেয়। এর মধ্যে শুধু ১৩ অক্টোবর তৎকালীন ভারপ্রাপ্ত উপপরিচালক নওশাদ আলী স্বাক্ষরিত এক চিঠি দিয়ে রেডিওলজি ও ইমেজিং বিভাগের নয়জন কর্মচারীকে দায়িত্ব পালনের স্থান পরির্বতন করা হয়।২৭ মার্চ ভান্ডার রক্ষক আনিসুর রহমান জানান, তিনি নগরের সমবায় মার্কেটের স্বপন বুক বাইন্ডারে গিয়ে হাসপাতালের এই রসিদের সন্ধান পান। তদন্ত কর্মকর্তারা স্বপনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। স্বপন প্রথম আলোকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের গিফট কর্নার নামের একটা দোকানের মালিক মুনসুর রহমান তাঁকে শুধু বইগুলো ছিদ্র করতে দেন এবং তিনি তা করে দিয়েছেন। এর বেশি তিনি আর কিছু জানেন না। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে গিয়ে গিফট কর্নার নামের কোনো দোকান পাওয়া যায়নি। তদন্ত কমিটির সদস্য সচিব বরকতুল্লাহ বলেন, তদন্তটি একপর্যায়ে গিয়ে থমকে যায়। কেন থমকে যায় জানতে চাইলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একজন লোক বিষয়টির সঙ্গে জড়িত। কিন্তু তাঁকে তদন্তের জন্য ডেকে আনা তাঁদের এখতিয়ারবহির্ভূত।হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তদন্তের কী হয়েছে তাও জানি না।’