নকল সরবরাহ করায় পাঁচ শিক্ষক বহিষ্কার একজনের কারাদণ্ড
বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার হল থেকে মুঠোফোনের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে এনে উত্তর তৈরি করে সরবরাহের দায়ে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে কেন্দ্রের দুজন সহকারী সচিব ও অপর দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা ওই শিক্ষকদের এই সাজা দেন। ইউএনও বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে কারাদণ্ড ও বহিষ্কার করা হয়েছে। বাকি চারজনকে বহিষ্কার ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে প্রশ্নপত্র ও উত্তরের ছবি তুলতে থাকা অবস্থায় মাদ্রাসার শিক্ষক ওমর ফারুককে আটক করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ইউএনও মোক্তার হোসেনসহ অপর সহকারী কেন্দ্রসচিব ও সাকরাল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম, একই মাদ্রাসার শিক্ষক রমিজউদ্দিন, কালিহাতী মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামকে আটকের পর বহিষ্কার ও জরিমানা করেন। তবে ওমর ফারুককে বহিষ্কার ও এক বছর কারাদণ্ড দেন ইউএনও।