নকল সরবরাহ যুবলীগ নেতার ছেলেকে জরিমানা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ওয়াজীর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে সোহাগ মিয়া (২৩) নামের এক যুবককে গতকাল বুধবার ভ্র্যাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করেছেন। তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।কেন্দ্র ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল জেএসসি পরীক্ষা চলাকালে এক আত্মীয়কে নকল সরবরাহের সময় সোহাগকে হাতেনাতে আটক করে ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশ। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত দুই ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেন। আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসমত উল্লাহ।উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘ছেলেটি না বুঝে এ কাজ করেছে। পরে তার বাবা আমাদের কাছে দুঃখ প্রকাশ করলে আমরা জরিমানার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করি।’এদিকে গতকাল ভবেরচরে ওয়াজীর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।