নকল সরবরাহের অভিযোগে কলেজ অধ্যক্ষকে ওএসডি
পরীক্ষার্থীকে নির্জনকক্ষে বসিয়ে বই ও নকল সরবরাহ করার অভিযোগে রংপুর কারমাইকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজা আনোয়ারকে ওএসডি করা হয়েছে। একই অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুবনা আখতারকে অন্যত্র বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত সোমবার এই বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফজলুল হককে উপাধ্যক্ষ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
কলেজ সূত্র জানায়, ডিগ্রি পাস ও সার্টিফিকেট ২০১২ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা চলতি বছরের ৯ মার্চ অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কলেজের একটি কক্ষে রংপুর সরকারি কলেজের পরীক্ষার্থী আবদুল মালেককে একা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। সেখানে তিনি বই খুলে পরীক্ষা দেন।
তদন্তে ঘটনার সত্যতা পেয়ে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এক প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজা আনোয়ারকে ওএসডি ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুবনা আখতারকে নওগাঁর বিএমসি কলেজে বদলি করা হয়েছে। নকল করার অপরাধে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।