নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে একজন শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম এখলাছুর রহমান। তিনি উপজেলার সাড়ে পাঁচআনি মাদ্রাসার সহকারী শিক্ষক। তাঁর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, ফরাজীকান্দি আল ওয়েসীয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার জেডিসির আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে ওই শিক্ষক প্রশ্নের উত্তর লিখে কয়েকটি কক্ষে পরীক্ষার্থীদের কাছে দিতে যান। এ সময় কেন্দ্রসচিব আফজালুর রহমান নকলসহ তাঁকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। সন্ধ্যায় তাঁকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, নকল সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় এখলাছুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতেই ওই শিক্ষককে চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।