নকল সার তৈরি ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নকল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার তৈরির দায়ে ফেরদৌস হাসান নামের এক সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, নওয়াপাড়ার সার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আজম ট্রেডিংয়ের মালিক ফেরদৌস হাসান দীর্ঘদিন ধরে নকল টিএসপি সার তৈরি ও তা বিক্রি করে আসছিলেন। এক মাস আগে উপজেলা সার ও বীজ মনিটিরিং কমিটির কর্মকর্তারা আজম ট্রেডিংয়ে অভিযান চালিয়ে ১৬ বস্তা নকল টিএসপি সার জব্দ করেন।
ওই সার একটি গুদামে সিলগালা করে রাখা হয়। পরে সারের নমুনা সংগ্রহ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। ওই সার নকল বলে পরীক্ষাগার থেকে একটি প্রতিবেদন সম্প্রতি উপজেলা কৃষি দপ্তরে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে আজম ট্রেডিংয়ের মালিক ফেরদৌস হাসানকে ৪০ হাজার টাকা জমিরানা করা হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ প্রথম আলোকে জানান, জব্দ করা নকল সার মাটিতে পুঁতে ফেলা হয়েছে।