নকল সোনা নিয়ে সংঘবদ্ধ প্রতারণা
‘বিপদে আছি, এক টুকরা সোনা আছিল, বিক্রি করতে চাই...!’ স্বর্ণের বারের মতো চকচকে এক টুকরা নকল সোনা দেখিয়ে সিলেটের বাসস্ট্যান্ডসহ জনবহুল বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাাব-৯) একটি গোয়েন্দা দল ক্রেতা সেজে নকল সোনাসহ হাতেনাতে আটক করেছে দুজনকে। আটক ব্যক্তিরা হলেন: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কাজীবাড়ি গ্রামের দুলাল (৩০) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁওয়ের মো. জোসেল (৩০)। র্যাাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেট জেলার বিভিন্ন স্থানে স্বর্ণ প্রতারকদের অপতৎপরতার খবরের ভিত্তিতে র্যাাবের একটি গোয়েন্দা দল স্বর্ণ প্রতারকদের আটক করতে দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে র্যাাবের গোয়েন্দা দলের সদস্যরা স্বর্ণের বার কিনবেন বলে প্রতারকদের সিলেট নগরের আখালিয়া এলাকায় আসতে বলেন। দুই প্রতারক নকল স্বর্ণের বার নিয়ে এই এলাকার ‘হাসান স্টোরে’র সামনে পৌঁছালে র্যাাবের একটি দল তাঁদের আটক করে। এ সময় দুজনই বিক্রেতা নন—দাবি করলে তাঁদের শরীর তল্লাশি করে শার্টের পকেট থেকে কাগজে মোড়ানো এক ভরি ওজনের নকল স্বর্ণের বার (বিস্কুট আকৃতি) উদ্ধার করা হয়। র্যাাবের জিজ্ঞাসাবাদে নকল স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা ওই দুজন স্বীকার করেন এবং মূল ব্যবসায়ীদের নামও প্রকাশ করেন। গতকাল দুপুরে তাঁদের মহানগর পুলিশের জালালাবাদ থানায় সোপর্দ করে সংঘবদ্ধ প্রতারকদের আটক করতে বিশেষ তৎপরতা চালায় র্যাাব। প্রতিবাদ সভা আজ: সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নকল সোনা বিক্রিসহ নানা রকম প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আজ সোমবার প্রতিবাদ সভা ডেকেছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নারী যাত্রীদের সঙ্গে স্বর্ণের বার বিক্রি নিয়ে প্রতারণা, নকল সোনা বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারকদের মাঝেমধ্যে আটক করলেও মূলোৎপাটনে কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিবাদ সভা থেকে মূলোৎপাটনের দাবি জানানো হবে।