নকল সোনার বিস্কুট দিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় নকল সোনার বিস্কুট দিয়ে প্রতারণা করার সময় গতকাল সোমবার বিকেলে তিনজনকে আটক করে এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার জহুরুল ইসলাম, জাকির হোসেন ও এখলাস উদ্দিন। তাঁরা মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও প্রতারণার শিকার কয়েকজন জানান, তিন ব্যক্তি কয়েক মাস ধরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সোনালি রঙের বিস্কুট ফেলে রেখে সহজ-সরল নারীদের দৃষ্টি আকর্ষণ করতেন। পরে ওই বিস্কুট পাওয়ার দাবি করে সামান্য আসল স্বর্ণালংকার ও টাকা দাবি করতেন তাঁরা।
বেউথা এলাকার ফজলুল হক অভিযোগ করেন, প্রতারক চক্রের সদস্যরা প্রায় এক সপ্তাহ আগে তাঁর মায়ের কাছ থেকে ১২ আনা ওজনের সোনার চুরি ও চার আনা ওজনের কানের দুল হাতিয়ে নেন।
সদর উপজেলার জয়রা এলাকার বাসিন্দা সুজন হোসেন জানান, তিন প্রতারক গত রোববার তাঁর স্ত্রীর টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এর আগে তাঁরা একই গ্রামের দুই নারীর কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্কুট আকৃতির নকল সোনা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন জয়রা এলাকার সুজন হোসেন।