নকল স্বর্ণালংকার দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল স্বর্ণালংকার দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন সেট হাতিয়ে নেওয়ায় গোপাল দাশ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রদীপ নামের গোপাল দাশের এক সহযোগী পালিয়ে গেছে বলে হাসপাতাল পুলিশ জানিয়েছে। জানা গেছে, বাঁশখালীর বাসিন্দা নওশের মিয়ার এক স্বজন চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে মূল ফটকে নওশেরকে গোপাল ও প্রদীপ মিলে একটি নকল স্বর্ণের অলংকার দেখিয়ে বলেন, তাঁরা বিপদে পড়েছেন। এই স্বর্ণালংকারের দাম অনেক বেশি। কিন্তু তাঁরা নামমাত্র মূল্যে তা বেচতে চান। তাঁদের কথায় প্রলুব্ধ হয়ে নওশের নগদ ছয় হাজার টাকা ও একটি মুঠোফোন সেট তাঁদের হাতে তুলে দেন। প্রদীপ টাকা নিয়ে দ্রুত সরে পড়েন। নওশেরের সন্দেহ হলে তিনি তাঁকে (এসআই জহিরুল ইসলাম) বিষয়টি জানান। এর পরই জহিরুল গোপালকে মুঠোফোনসেটসহ আটক করে পাঁচলাইশ থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছিল বলে জহিরুল ইসলাম জানান।