নকল হোমিওপ্যাথিক ওষুধ-উপকরণ জব্দ
র্যাব ও পুলিশ গতকাল বুধবার দুপুরে শেরপুর শহরে অভিযান চালিয়ে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ হোমিওপ্যাথিক ওষুধ উত্পাদন ও বিক্রির অভিযোগে একটি ল্যাবরেটরি ও দোকান সিলগালা করেছে। রঘুনাথ বাজার ও নারায়ণপুর মহল্লার এই প্রতিষ্ঠান দুটি হলো জাহিদ আনোয়ার ও আবদুল আজিজের মালিকানাধীন আতিক হোমিও হল এবং দি ওয়েস্টার্ন হোমিও ল্যাবরেটরি। অভিযানে ওই দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ লাখ টাকার ওষুধ, ওষুধ তৈরির রাসায়নিক উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব ও পুলিশের সদস্যরা তিনজনকে গ্রেপ্তার করেছেন। তাঁরা হলেন ওই দুটি প্রতিষ্ঠানের কর্মচারী মো. রাসেল (২১), সুরুজ্জামান আনিস (৪০) ও তাঁর ছোট ভাই মিজানুর রহমান (৩২)। র্যাব-১২ ও শেরপুর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নারায়ণপুর মহল্লার একটি বাসায় অননুমোদিতভাবে নকল ও ভেজাল রাসায়নিক উপকরণ দিয়ে হোমিওপ্যাথিক ওষুধ উৎপাদন করার খবরের ভিত্তিতে দি ওয়েস্টার্ন হোমিও ল্যাবরেটরিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন রাসায়নিক পদার্থ ও যন্ত্রপাতি জব্দ করা হয়। সেখান থেকে গ্রেপ্তার হওয়া মিজানুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী রঘুনাথ বাজারের আতিক হোমিও হলে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা আরও প্রায় ১০ লাখ টাকা মূল্যের অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযানের পর শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হক বলেন, প্রতিষ্ঠান দুটির কর্মচারীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওষুধ নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি এবং এ ঘটনার মূল নায়ক মালিকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফরিদপুরে অবস্থানরত আতিক হোমিও হলের মালিক জাহিদ আনোয়ার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠান থেকে অনুমোদিতভাবে ওষুধ তৈরি ও বাজারজাত করা হয়। হয়রানি করার জন্য কোনো একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযান পরিচালনা করিয়েছে বলে তিনি দাবি করেন।