নকলনবিশদের কর্মবিরতি জনদুর্ভোগ
নকলনবিশদের অব্যাহত কর্মবিরতিতে পাবনার বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
বেড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নকলনবিশদের সূত্রে জানা গেছে, চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পারিশ্রমিকের দাবিতে দীর্ঘদিন ধরে সারা দেশের নকলনবিশেরা আন্দোলন করে আসছেন। এতে সংহতি প্রকাশ করে গত ১ এপ্রিল থেকে বেড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ১৫ জন নকলনবিশও নানা কর্মসূচি পালন করে আসছেন। এর অংশ হিসেবে তাঁরা ২৪ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছেন।
কয়েকজন নকলনবিশ বলেন, দলিলের নকল বাবদ সরকার দলিল পেতে ইচ্ছুকদের কাছ থেকে প্রতি পাতার জন্য ৪০ টাকা নেয়। এই কাজটি নকলনবিশেরা করলেও এ জন্য সরকার তাঁদের দেয় মাত্র ২৪ টাকা। আর এটাই তাঁদের বেতন বা পারিশ্রমিক। কিন্তু প্রায় ১০ মাস ধরে বেড়ার নকলনবিশেরা এই পারিশ্রমিকও পাচ্ছেন না।
বেড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নকলনবিশ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যে পারিশ্রমিক পাই, তা একেবারেই সামান্য। সেই পারিশ্রমিকও যদি ১০ মাস ধরে বন্ধ থাকে তাহলে আমাদের পরিবারের কী অবস্থা হতে পারে তা ভেবে দেখুন।’
গত বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পারিশ্রমিকের দাবিতে বেড়ার নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলার আমিনপুর গ্রামের কামরুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে তাঁর টাকার প্রয়োজন। এ জন্য তিনি তাঁর জমি বিক্রির জন্য ক্রেতার সঙ্গে সবকিছু পাকা করেছেন। কিন্তু নকলনবিশদের কর্মবিরতির কারণে ক্রেতাকে জমির দলিল দিতে পারছেন না। এ জন্য জমিটি নিবন্ধন করাও সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতার কাছ থেকে তিনি টাকাও পাচ্ছেন না।
বেড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি তাহেজউদ্দিন সরকার বলেন, নকলনবিশদের কর্মবিরতির ফলে জমির রেজিস্ট্রি একেবারেই কমে গেছে।
বেড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার তৌফিক সালাউদ্দিন বলেন, নকলনবিশদের কর্মবিরতির ফলে এ কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে।